★শিবচরে কবিরাজি চিকিৎসার জন্যে বাড়িতে ডেকে এনে বৃদ্ধকে আটকে নির্যাতন, হাফিজুল নামে একজন গ্রেপ্তার★

শিবচর মাদারীপুর প্রতিনিধি,

মাদারীপুরের শিবচরে কবিরাজি চিকিৎসার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে লিয়াকত শিকদার (৬০) নামের এক বৃদ্ধকে তিন-চার ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধের বিরুদ্ধে জোরপূর্বক শ্লীলতাহানির ভুয়া স্বীকারোক্তি আদায় করে তা ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হাফিজুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

​মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বাজার এলাকা থেকে হাফিজুলকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
​এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট বিকেলে আখি বেগম নামে এক নারী কলাতলা বাজার থেকে লিয়াকত শিকদারকে তাঁর পুত্রবধূর কবিরাজি চিকিৎসার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর গৃহবধূ খাদিজা বেগমসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল বৃদ্ধ লিয়াকতকে একটি ঘরে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে। এরপর লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে আইন পরিপন্থীভাবে জোরপূর্বক তাঁর কাছ থেকে শ্লীলতাহানির মিথ্যা স্বীকারোক্তি আদায় করে তা মোবাইল ফোনে ভিডিও করা হয় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
​ঘটনার পর আহত লিয়াকত শিকদারকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এ বিষয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি হাফিজুলকে গ্রেপ্তার করে।
​শিবচর থানা পুলিশ জানায়, বৃদ্ধের ওপর নির্যাতনের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি হাফিজুলকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *