প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গত ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশে ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। তবে সরকারের লক্ষ্য রয়েছে মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা।”
এদিকে সরকারের খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি জানান, মোট ১ হাজার ২৬০ কিলোমিটার খালের মধ্যে এখন পর্যন্ত ৫৬১ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, যা প্রায় ৪৪ দশমিক ৫৫ শতাংশ অগ্রগতি।
আঞ্চলিক নববর্ষ উদযাপনের পরিকল্পনা
উপদেষ্টা বলেন, “ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের পরিকল্পনা রয়েছে। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী উৎসব আয়োজন করে, যা স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হয়েছে।”
তিনি আরও জানান, এ বছর সময় স্বল্পতার কারণে বৈশাখের আয়োজন সীমিত ছিল। তবে আগামীতে পুরো মাসজুড়ে বৈশাখী উৎসবের বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশসহ মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ভারতের কিছু অঞ্চলে একই সময়ে নববর্ষ উদযাপিত হয়। এ প্রেক্ষাপটে আঞ্চলিক সাংস্কৃতিক বিনিময় বাড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি ইরানি নববর্ষ নওরোজের আদলে যৌথ উদ্যোগ নেওয়ার কথাও ভাবা হচ্ছে, যা সাংস্কৃতিক বন্ধন জোরদার করবে।