লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার একটি ফিলিং স্টেশনে এক মোটরসাইকেল আরোহীকে জনসম্মুখে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তারের বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘নদী’ নামে এক যুবক পেট্রোল নেওয়ার জন্য পাম্পে বাইকারদের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তিনি মূলত এক অসুস্থ ব্যক্তির ফুয়েল কার্ড নিয়ে তার পক্ষে পেট্রোল সংগ্রহ করতে এসেছিলেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ইউএনও শামীমা আক্তার কোনো কথা না শুনেই তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে থাকা ওই যুবকের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে ইউএনও তাকে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশাসনের এমন আচরণকে অযৌক্তিক ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউএনও শামীমা আক্তারের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ভুক্তভোগী যুবক ও তার পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। স্থানীয় সচেতন মহলও দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।