ইতালির ভেনিস সিটি কর্পোরেশনের নির্বাচনে দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল পার্টিটো ডেমোক্রাটিকো (PD)-থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ সমাজসেবক ঋতু মিয়া। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ভেনিসে বসবাসরত ঋতু মিয়া বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। ২০০১ সালে ইতালিতে পাড়ি জমানোর পর থেকেই তিনি মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে চলেছেন। ভেনিসের বিখ্যাত ইউএফ (IUAV) বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে মাস্টার্স সম্পন্ন করা এই মেধাবী ব্যক্তিত্ব বর্তমানে তার প্রতিষ্ঠিত ‘RIC একাডেমি’র মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করে আসছেন। বিশেষ করে ইতালিতে নতুন আসা প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও ভাষা শেখার ক্ষেত্রে তার প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে জনসেবার চেতনা থেকেই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ঋতু মিয়া।
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি ভেনিসের প্রবাসী ভাই-বোনদের সেবা দিয়ে আসছি। সিটি কর্পোরেশনে প্রবাসীদের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় প্রশাসনের সাথে আমাদের কমিউনিটির সম্পর্ক আরও দৃঢ় করতে সচেষ্ট থাকব।”
ইতিমধ্যেই স্থানীয় বাংলাদেশিদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ভোটাররা মনে করছেন, একজন উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ ব্যক্তিকে কাউন্সিলর হিসেবে পেলে ভেনিসের প্রবাসী কমিউনিটি আরও এক ধাপ এগিয়ে যাবে। আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও ভোট প্রত্যাশা করেছেন ঋতু মিয়া।