বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলাসান্দ্রো বলেছেন, ‘‘বাংলাদেশের সঙ্গে ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে  অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বস্ত্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাতের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা জানানো হয়।

সাক্ষাতের সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা ইতালি। এখানে ইতালির বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ফার্নিচার, জাহাজ নির্মাণ শিল্প এবং চামড়া ও চামড়াজাত পণ্যে বিনিয়োগের বড় সম্ভাবনা আছে। বন্ধ জুটমিল পুনরায় চালুর লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আহ্বান জানানো হয়েছে। দেশের তরুণ ও দক্ষ জনশক্তি বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুবিধা।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ইতালির সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিকভাবে সুদৃঢ়। ইতালি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলাসান্দ্রো জানান, আগামী জুলাই মাসে ইতালি থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধি করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও যৌথ ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহিম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *