অবসরের ইঙ্গিত? কতদিন খেলবেন জানালেন মুশফিক

দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এখন শুধু টেস্ট ক্রিকেটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মুশফিকুর রহিম। এবার জানালেন, আর কতদিন মাঠে দেখা যেতে পারে তাকে।

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলন করেছেন মুশফিক। আজ শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘‘যতদিন ফিট থাকবো, ততদিন খেলে যেতে চাই। এ বিষয়ে কোনও কমপ্রোমাইজ করব না। অবসরের আগে দলকে এমন একটা টোন সেট করে যেতে চাই, যেন সবাই অন্তত নিজের ফিটনেসের ব্যাপারে আরও সজাগ হয়।’’

সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। এরপর আগস্টে অজিদের মাটিতে রয়েছে দুটি টেস্ট ম্যাচও। এই দুই ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন মুশফিক।

তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। যেহেতু এত বছর তারা আমাদের ডাকেনি, তাই তাদের কন্ডিশন নিয়ে আমাদের পেসাররা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, তারা ওদের খুবই কঠিন সময় দেবে।’’

এদিকে কম্বিনেশনের কারণে বাংলাদেশের টেস্ট একাদশে আবার কখনও দলেই জায়গা হচ্ছে না নাইম হাসানের। মুশফিক এ নিয়ে বলেন, ‘‘নাইম হাসান অনেক দিন ধরে দলের সঙ্গে। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। এটা তার জন্য খুবই কঠিন। তবে তিনি মানসিকভাবে অনেক শক্ত। তাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে। তিনি প্রতিদিনই উন্নতি করছেন। আশা করছি তিনি সুযোগ পাবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *