শিবচর মাদারীপুর প্রতিনিধি,
অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে মারা গেছেন ইকবাল নামের এক যুবক। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের এক দালালের মাধ্যমে কয়েক মাস আগে ইকবাল লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর মানবপাচারকারী চক্রের সদস্যরা তাঁকে জিম্মি করে নির্যাতন চালায় বলে পরিবারের দাবি।
দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে পরিবারের কাছে আসে ইকবালের মৃত্যুর মর্মান্তিক খবর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।