শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’— এ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড মোকাবিলা ও উদ্ধার বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন চত্বরে এ সকল কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এবং নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, দ্রুত উদ্ধার তৎপরতা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরেন। তারা বলেন, “দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করা প্রয়োজন। সতর্কতা, নিজস্ব প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন আয়োজকেরা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের এক চৌকস দল অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ওপর এক বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করে। এর মাধ্যমে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেদের আত্মরক্ষা করতে হবে এবং অন্যদের উদ্ধার করতে হবে, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও ধারণা লাভ করেন।