দেশবিরোধী চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ইউনূস সরকার: সিপিবি

দেশবিরোধী চুক্তি করে ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করার অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি মনে করে, এই চুক্তি বাংলাদেশের জনগণকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে। এই চুক্তি বাতিল না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে হাতিরঝিলে পথসভায় এসব কথা বলেন বক্তারা।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, “অনির্বাচিত সরকারের কোনও অধিকার ছিল না এ ধরনের চুক্তি করার। গোপনে এই চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ইউনূস সরকার। কৃষি, শিল্প আর আন্তর্জাতিক বাজারে টিকতে পারবে না। কোনও মতামত দিতে পারবে না বাংলাদেশ।” এই চুক্তি বাতিলের দাবিতে সিপিবি জনমত গড়ে তুলছে জানিয়ে সিপিবির এই নেতা বলেন, “এই চুক্তি বাতিল না করা হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সিপিবি চুক্তি বাতিল করাতে বাধ্য হবে।”

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর বলেন, “বাংলাদেশের জনগণকে এই চুক্তি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে। এই চুক্তি বাতিল না হলে বাংলাদেশের স্বাধীন অবস্থান হারাবে। সংসদ অধিবেশন চলছে—কিন্তু তথাকথিত বাংলাদেশপন্থিরা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কোনও কথা বলছেন না।” এই চুক্তি বাতিল না হলে প্রয়োজনে সিপিবি রাজপথে কঠোর কর্মসূচি নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার বলেন, “আমেরিকান সাম্রাজ্যবাদ তার তল্পিবাহক দিয়ে দেশে দেশে নতুন করে উপনিবেশ গড়ার পাঁয়তারা করে যাচ্ছে। যুদ্ধবাজ ট্রাম্প সারা পৃথিবীতে যুদ্ধ বাধিয়ে আমেরিকার অস্ত্র ব্যবসা সম্প্রসারিত করছে। বাংলাদেশের জনগণকে তারা তাদের বাজার হিসেবে বিবেচনা করে, শুধু তাদের পণ্য অতিরিক্ত দামে কিনতে বাধ্য করতে চাইছে। একটা অনির্বাচিত সরকার প্রতারণার চুক্তি করে গেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নেবে।”

বক্তারা বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে মাসব্যাপী সিপিবির কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *