খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা বেড়ে যাওয়ায় মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপের অভাবে পরিস্থিতির অবনতি হচ্ছে।
গোলাম পরওয়ার জানান, গত ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটাসহ সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন।
তিনি বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে খুলনায় গুলিতে ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এ সময়ে অন্তত ১৩টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টিসহ মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিন ডুমুরিয়ায় গুলিতে একজন নিহত হন।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাস ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি খুলনাসহ সারা দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকায় বিশেষ অভিযান জোরদার এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বাড়ানোর দাবি জানান।