‘ইবলিসও লজ্জা পাবে সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে’

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, “ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।”

শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন নাছির বলেন, “ছাত্ররাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। এর আগে আমরা দেখেছি, গুপ্ত সংগঠন শিবির তাদের গুপ্ত শাখার কর্মীদের লেলিয়ে দিয়ে ছাত্ররাজনীতি বন্ধ করার জন্য মব সৃষ্টি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে। যারা এই মবের নেতৃত্ব দিয়েছে পরবর্তীকালে তারাই গুপ্ত সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবির গুপ্ত রাজনীতির করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে তিতুমীর কলেজে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করেছিল ছাত্রীসংস্থার কর্মীরা। তারা ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করেছে। ওই ক্যাম্পাসে পাঁচ আগস্টের পরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা মুনতাসীর পরবর্তীকালে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।

“আজ একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। গুপ্ত বাহিনী অবিলম্বে এই মব সন্ত্রাস ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি করা বন্ধ না করলে  আমরা সব ধরনের মবসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।”

কলেজ প্রশাসনের কাছে দাবি জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “আপনারা সবার রাজনৈতিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করুন। আপনারা শিবিরের কূটচালের সামনে মাথা নত করবেন না। ধোঁকাবাজির শিকার হবেন না। অন্যথায় সমগ্র দেশ থেকে গুপ্ত রাজনীতির অবসান ঘটানো হবে।” সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *