সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান

৮০তম জন্মদিনে সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রতিষ্ঠাতা আহ্বায়ক খালেকুজ্জামান। তিনি দলটির বর্তমান উপদেষ্টা।

এই বাম নেতার জন্মের ৮ দশক উপলক্ষে শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। এসময় তাকে ফুল ও উপহার দিয়ে বরণ করেন তারা।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেকুজ্জামানের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের স্মৃতিচারণ করেন। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রগতিশীল রাজনীতির ধারাবাহিক সংগ্রামে তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে বলে তারা মনে করেন।

তারা বলেন, বাংলাদেশের রাজনীতির নানা ঘাত-প্রতিঘাতের প্রত্যক্ষ সাক্ষী খালেকুজ্জামান। তিনি একজন কিংবদন্তি। নীতির প্রশ্নে আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে তার অবস্থান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তাদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *