‘পঞ্চদশ সংশোধনীর রায়ে হাইকোর্টের চারটি বিষয় আপিলে বহাল’

পঞ্চদশ সংশোধনীর রায়ে হাইকোর্টের চারটি বিষয় আপিল বিভাগে বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন আপিলকারী পক্ষের আইনজীবী মো. শিশির মনির।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর শীর্ষ আইনজীবী মো. শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনীর রায়ে হাইকোর্ট চারটি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, যা আপিল বিভাগেও বহাল থাকলো। যেসব বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল, সেগুলোর মধ্যে ছিল—সংবিধানের কিছু বিষয় পরিবর্তন করলে তা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য হবে, গণভোটের বিধান বাতিল, নিম্ন আদালতকে রিটের ক্ষমতা দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল।

তিনি আরও বলেন, ‘‘চারটি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাকি বিষয়গুলো মহান জাতীয় সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। সংবিধান কোনও দণ্ডবিধি না। কেউ যদি অপরাধ করে, তবে অপরাধ নির্ধারণ করবে দণ্ডবিধি। আর প্রক্রিয়া অনুসরণ করবে ফৌজদারি কার্যবিধি। পৃথিবীর কোনও সংবিধানেই শাস্তির বিধান থাকে না। আর সংবিধান পরিবর্তন করা যাবে না—এটিও সঠিক সিদ্ধান্ত নয়। ৫০ বছর পরে আমরা কেউই থাকবো না, নতুন প্রজন্ম আসবে, তাদের নতুন উপলব্ধি ও শিক্ষা হবে। এ কারণেই সংবিধানকে ‘লিভিং ডকুমেন্ট’ বলা হয়। সময়ের সঙ্গে এর পরিবর্তন হওয়া প্রয়োজন। যদি বলা হয়, কোনও পরিবর্তন আনা যাবে না, তাহলে কি এটি বাইবেল? এটি কি কোরআন? উত্তর হলো—না। এ কারণেই এই অংশটুকু বাতিল করা হয়েছে।’’

এদিকে সুজনের জাতীয় কমিটির সদস্য ও আবেদনকারী মো. জুবাইরুল হক ভূঁইয়া বলেন, আপিল বিভাগের রায়ের ফলে সংবিধানের মৌলিক চেতনা ও মূল্যবোধ আরও সুপ্রতিষ্ঠিত হবে। এ রায় দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *