বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা রবিউল ইসলামের স্ত্রী। দুদিন আগে বাবার বাড়ি অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে বেড়াতে আসেন। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও বর্ণার সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ওয়াপাড়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বাংলা ট্রিবিউনকে জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদী স্রোতে তিনি ভেসে গেছেন।

এদিকে বাবার বাড়িতে বেড়াতে এসে বর্ণার এভাবে নিখোঁজের ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *