ব্রাজিল-আর্জেন্টিনা নাকি জার্মানির কোচ, ৩ দিন পর জানাবে বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হওয়ায় নতুন বিদেশি কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রক্রিয়াও শুরু করেছে সংস্থাটি।

এরই মধ্যে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে আজ সোমবার জাতীয় টিমস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেই তালিকা থেকে বাছাই করে ১০ জন কোচকে চূড়ান্ত শর্টলিস্টে রাখা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর ফর্টিসে অনুষ্ঠিত সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০ জন কোচের সংক্ষিপ্ত তালিকা করেছি। আগামী তিন দিন তাদের সঙ্গে কথা বলে একজনকে চূড়ান্ত করবো।’

এদিনের সভায় মালদ্বীপে অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে। জাতীয় টিমস কমিটির অন্যতম সদস্য শাহাদাত হোসেন এ বিষয়ে বলেন, ‘আয়োজক মালদ্বীপ আমাদের অনুরোধ করেছে যেন জাতীয় দল পাঠাই। তাই আমরা ঠিক করেছি একই সময় সান মেরিনো ও মালদ্বীপে খেলা। তাই দুটো জাতীয় দল করবো। আমাদের হাতে অনেক খেলোয়াড় আছে, দল তৈরি করতে সমস্যা হবে না।’

নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি আরও জানান, বিভিন্ন দেশের অভিজ্ঞ কোচদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা পড়েছে, ‘জাতীয় দলের জন্য ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ক্রোয়েশিয়া কিংবা অস্ট্রেলিয়া থেকে জীবনবৃত্তান্ত এসেছে। আশা করছি, আমরা তিন দিন দেখে একজনকে ঠিক করতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *