মামলার তদন্তে প্রাথমিক সত্যতা নিশ্চিত না করে কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেছেন জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হাসান কাজল। তিনি বলেন, সাংবাদিক আনোয়ার হোসেনকে কামরাঙ্গীরচর এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা আছে কি না জানতে চাইলে পুলিশ তা উপস্থাপন করতে পারেনি। পরবর্তীতে জোরপূর্বক তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন। এছাড়া রাজশাহীতে অটোচুরি মামলার অভিযোগ প্রত্যাহার না করায় সাংবাদিক মতিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকেও তিনি গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তাই সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও গ্রেফতার বন্ধ করতে হবে। জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হাসান কাজল অবিলম্বে মিথ্যা মামলায় আটক সাংবাদিকদের মুক্তি ও জামিন প্রদানের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়ন এবং সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, সাংবাদিক হয়রানি বন্ধ করতে হলে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নিতে হবে। এদিকে তিনি আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, ঝামেলা ও হয়রানির অভিযোগ ক্রমাগত বাড়ছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় মারধর, কার্যালয়ে ভাঙচুর, হত্যার হুমকি এবং সংবাদ প্রকাশের জেরে মামলা দেওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে অনেক সাংবাদিক নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন, যা তাদের পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি এসব ঘটনার দ্রুত তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।