শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেলো আইডিআরএ’র ‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপ

বিমা খাতে ডিজিটাল-সেবা সম্প্রসারণ এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি সহজ করার উদ্যোগ হিসেবে চালু করা মোবাইল অ্যাপ ‘ইন্স্যুপ্লেইন্ট’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি অর্জন করেছে। আর্থিকপ্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে এই সম্মাননা পায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ৬ জুলাই অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আইডিআরএ’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের হাতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের সম্মাননা তুলে দেন।

আইডিআরএ জানায়, বিমা খাতের আধুনিকায়ন, গ্রাহকসেবা সহজীকরণ এবং বিমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের ২৩ জুন ‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপটি চালু করা হয়।

এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনও প্রান্ত থেকে গ্রাহক অফিসে না গিয়েই বিমা দাবি, অভিযোগ কিংবা সংশ্লিষ্ট আবেদন অনলাইনে জমা দিতে পারছেন। একইসঙ্গে অভিযোগ বা দাবি নিষ্পত্তির অগ্রগতি মোবাইল অ্যাপের মাধ্যমেই পর্যবেক্ষণ করা যাচ্ছে। এতে একদিকে যেমন গ্রাহকের ভোগান্তি কমছে, অপরদিকে আইডিআরএও বিভিন্ন বিমা কোম্পানির দাবি ও অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারছে।

এ ছাড়া আইডিআরএ বর্তমানে বিমা পলিসির তথ্য যাচাইয়ের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বিমা তথ্য অ্যাপ’ বাস্তবায়ন করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সহজেই নিজেদের পলিসির তথ্য যাচাই করতে পারবেন। ফলে ভুয়া ও ডুপ্লিকেট পলিসি প্রতিরোধের পাশাপাশি বিমা খাতে স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা আরও বাড়বে বলে মনে করছে সংস্থাটি। এর ইতিবাচক প্রভাব প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি এবং সামগ্রিক আর্থিক খাতেও পড়বে।

এবারের ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ২৫টি দপ্তর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে— রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসির ‘জনতা-পে’, রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’, আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ‘জিআইএসভিত্তিক সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *