হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ

রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ‎ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে আদালত মানব পাচার আইনের এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা ১০ মিনিটে মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি মাইক্রোবাসে করে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। আট মিনিট পর তাঁকে এজলাসে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) রায়হানুর রহমান।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সন্ধ্যা ছয়টার দিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজতখানার উদ্দেশে নবম তলার আদালত থেকে বের করা হয়। পরে লিফট থেকে নিচতলায় নেমে কিছুটা হেঁটে সামনে আসার পর পেছন থেকে এক ব্যক্তি তাঁর গায়ে ময়লা পানি ঢেলে দেন। ওই ব্যক্তি আগে থেকে নীল পলিথিনে ময়লা পানি নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিলেন।

তাৎক্ষণিক কর্তব্যরত পুলিশ সদস্যরা চেষ্টা করেও ওই ব্যক্তিকে থামাতে পারেননি। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরীর হাতে, গায়ে থাকা বুলেট প্রুফ জ্যাকেটের সামনে–পেছনে ময়লা পানি দেখা যায়। পরে পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত হাজতখানার নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *