১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

আগামী ১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৭ মে) বিকালে ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে মেধা ও মনন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বিচার নিয়ে রামিসার বাবার হতাশার জবাব রায়ের মাধ্যমেই দেওয়া হবে। আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। ফাঁসির আসামিদের বিচারকার্য যত দ্রুত সম্ভব শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা ততটাই পদক্ষেপ নেবো।

তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন, ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ড কতটা নির্মম ও নৃশংস ছিল। সেই রামিসার বাবা হতাশা নিয়ে বলেছেন, ‘আমি বিচার চাই না’, কারণ তিনি জানেন বিচার হবে না। মন্ত্রণালয়ে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করেছিলেন, রামিসার বাবার এই হতাশার জবাব কী—তখন আমি বলেছিলাম, এই হতাশার জবাব রামিসা হত্যাকাণ্ডের নৃশংসতার বিচারের মাধ্যমেই দেওয়া সম্ভব।

মন্ত্রী বলেন, আমি বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। এক সপ্তাহের আগেই মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আগামী ১ জুন আদালত খুলবে এবং ওই দিন থেকেই এই মামলার বিচার শুরু হবে।

তিনি আরও বলেন, শুধু রামিসা হত্যাকাণ্ড নয়, আছিয়া হত্যাকাণ্ডসহ সব ফাঁসির আসামিদের বিচারকাজ খুব দ্রুত শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *